যে কারণে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ম্যাচটি দেখার সুযোগ থাকছে না
যে কারণে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ম্যাচটি দেখার সুযোগ থাকছে না
আগামী ২ জুন মাঠে গড়াচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে অবশ্য বেশ কিছু প্রস্তুতি ম্যাচে গা গরম করবে দলগুলো। এরই মধ্যে দুটি প্রস্তুতি ম্যাচ মাঠে গড়িয়েছে। যার একটিতে কানাডা নেপালকে ও অপর ম্যাচে ওমান পাপুয়া নিউগিনিকে হারিয়েছে। আজ রাতে প্রস্তুতি ম্যাচ খেলতে মাঠে নামছে বাংলাদেশও। কয়েকদিন আগে যে যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হেরেছিল বাংলাদেশ, তাদের বিপক্ষেই ফের মাঠে নামছে টাইগাররা। এই ম্যাচটি অবশ্য কোনো চ্যানেল সম্প্রচার করবে না।
বিশ্বকাপের আগে মোট ১৬টি প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হবে। বেশিরভাগ দল একটি করে ম্যাচ খেললেও বাংলাদেশ খেলবে দুটি প্রস্তুতি ম্যাচ। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচের পর বাংলাদেশের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচটি ভারতের বিপক্ষে। সাধারণত বিশ্বকাপের এই প্রস্তুতি ম্যাচগুলো টিভিতে সরাসরি সম্প্রচার হয়ে থাকে। কিন্তু এবারের পরিস্থিতি ভিন্ন। মাত্রই শেষ হওয়া আইপিএলের কারণে অনেকটাই রং হারানো বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচগুলো নিয়েই নেই তেমন শোরগোল। অধিকাংশ ম্যাচই এবার সম্প্রচার করা হচ্ছে না। ১৬টি ম্যাচের মাত্র দুটি ম্যাচ টিভিতে সম্প্রচার করা হবে।
জানা গেছে, মাত্র দুটি ম্যাচ টিভিতে সরাসরি সম্প্রচার করা হবে। যার মধ্যে আছে বাংলাদেশেরও একটি ম্যাচ। বাংলাদেশ বনাম যুক্তরাষ্ট্র ম্যাচই কোথাও সম্প্রচার করা না হলেও আগামী শনিবার (১ জুন) ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটি টিভিতে সরাসরি সম্প্রচার করা হবে। বিশ্বকাপের অফিসিয়াল ব্রডকাস্টার স্টার স্পোর্টস নেটওয়ার্কের চ্যানেল ও হটস্টারে এই ম্যাচ দেখা যাবে। এছাড়া সরাসরি সম্প্রচার করা হবে শুধু ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া ম্যাচটি।
স্টার স্পোর্টস ব্রডকাস্ট টিম আইপিএল ফাইনাল শেষ করে এখনো যুক্তরাষ্ট্র পৌঁছায়নি। তাদের ইকুইপমেন্টও পৌঁছায়নি। এ কারণে এবার ১৬টা ওয়ার্ম আপ ম্যাচের মাত্র ২টা টেলিকাস্ট হবে। উল্লেখ্য, এবারের আইপিএলেরও অফিসিয়াল ব্রডকাস্টার হিসেবে ছিল স্টার স্পোর্টস।
আজ মঙ্গলবার (২৮ মে) রাত সাড়ে ৯টায় যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবে বংলাদেশ। টেক্সাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। তবে এই ম্যাচটি মাঠে বসে দেখারও সুযোগ পাচ্ছেন না দর্শকরা। মাঠে কোনো দর্শককে ঢুকতে দেয়া হবে না। এর কারণ হিসেবে গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামের অবকাঠামোগত কিছু কাজ বাকি আছে বলে জানানো হয়েছে। তাই যুক্তরাষ্ট্র ক্রিকেটের অনুরোধে আইসিসি এটা মেনে নিয়েছে।
এদিকে, বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ম্যাচটি নিয়ে কিছুটা হলেও অনিশ্চয়তাও আছে। গতকাল ম্যাচের ভেন্যু এলাকায় প্রচুর বৃষ্টিপাত হয়েছে। টেক্সাসের ওয়েদার ফোরকাস্টে বলা হয়েছে ম্যাচের দিন সকাল সাড়ে আটটা পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। সে ক্ষেত্রে অবশ্য ম্যাচ মাঠে গড়াতে কোনো সমস্যা হবে না বলে জানা গেছে।
কোন মন্তব্য নেই