মেজর লিগে প্রথমবার মাসসেরা মেসি
মেজর লিগে প্রথমবার মাসসেরা মেসি
লিওনেল মেসির ইন্টার মায়ামিতে যোগদানের ১০ মাস পেরিয়ে গেছে। নতুন ক্লাবে যোগ দেয়ার পরপরই পেছনের সারিতে থাকা দলটিকে শিরোপা জিতিয়েছেন আর্জেন্টাইন তারকা। তবে যুক্তরাষ্ট্রে এবারই প্রথম বড়সড় কোনো ব্যক্তিগত অর্জনের দেখা পেলেন আর্জেন্টাইন মহাতারকা।

মেজর লিগ সকারে এপ্রিল মাসের সেরা খেলোয়াড় ঘোষিত হয়েছেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
চলতি বছর মাঠের চেয়ে মাঠের বাইরেই বেশি ছিলেন মেসি। ইনজুরির কারণে ক্লাব এবং জাতীয় দলের বেশিরভাগ ম্যাচেই খেলা হয়নি তার। তবে মাঠে ফিরে গত মাসটা দারুণভাবে পার করেছেন আর্জেন্টাইন সুপারস্টার। আর তাতে এমএলএসে এপ্রিল মাসের সেরা খেলোয়াড় ঘোষণা করা হয়েছে তাকে।
ইনজুরি কাটিয়ে এপ্রিল মাসে মায়ামির সবগুলো ম্যাচে খেলেছেন মেসি। আর্জেন্টাইন মহাতারকার উপস্থিতি দলকে উজ্জীবিত করেছে দারুণভাবে। ৪ ম্যাচ খেলে একটিতেও হারেনি দলটি। এই ৪ ম্যাচে প্রতিপক্ষকে ১২টি গোল দিয়েছে মায়ামি। তার ১০টিতেই অবদান রেখেছেন মেসি। নিজের করেছেন ৬টি গোল এবং ৪টি করিয়েছেন সতীর্থদের দিয়ে।
চলতি মৌসুমের শুরু থেকেই এমএলএসে দারুণ পারফর্ম করে আসছেন মেসি। কিন্তু চোটের কারণে অনেকগুলো ম্যাচ মিস করেছেন তিনি। এপ্রিল মাসে ৬ গোল করার আগে এবারের এমএলএসে আরও ৩ গোল আছে মেসির।
ইনজুরিতে অনেকটা সময় মাঠের বাইরে থাকলেও এমএলএসের এবারের মৌসুমে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা মেসি। ৯ গোল করা এই তারকার পরে আছেন রিয়েল সল্ট লেকের কলম্বিয়ান ফরোয়ার্ড ক্রিস্তিয়ান আরাঙ্গো ও ডিসি ইউনাইটেডের বেলজিয়ান ফুটবলার ক্রিস্টিয়ান বেনটেকে। দুজনেরই গোল ৮টি করে।
কোন মন্তব্য নেই